
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অধিগ্রহণের অধিক জমি দখল করে এবং পারিবারিক কবরস্থান ভেঙ্গ আইসিটি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়াও ওই ভবন নির্মাণে ব্যবহৃত অপরিকল্পিত পাইলিংয়ের কম্পনে ফাটল ধরেছে বিভিন্ন বাসা-বাড়ির দেয়াল এবং মেঝে, ভেঙে পরছে সীমনা প্রাচীর।
রবিবার (১৮ জুন) অধিগ্রহণের অধিক জমি ফেরত চেয়ে এবং পাইলিং বন্ধের দাবিতে নব-নির্মাণাধীন আইসিটি ভবনের স্থানে অবস্থান কর্মসূচি করেছে ভুক্তভোগী ১০ টি পরিবার।
তাদের অভিযোগ, আইসিটি ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা অধিগ্রহণের পরও ব্যক্তিমালিকানাধীন কবরস্থান দখল করা হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে পুরোনো একটি কবরস্থানের দেয়াল। এ ছাড়াও ভবন নির্মাণে ব্যবহৃত অপরিকল্পিত পাইলিংয়ের কম্পনে ফাটল ধরেছে বাসা-বাড়িতে। এতে যেকোন সময় তাঁদের বাসা-বাড়ি ভেঙ্গে পড়তে পারে আশঙ্কা করছেন নব-নির্মাণাধীন ভবনের আশেপাশের অন্তত ১০টি পরিবার।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের পারিবারিক কবরস্থান ভেঙ্গে আইসিটি ভবন নির্মাণ করা হচ্ছে। আমরা বারবার লিখিত অভিযোগ দিলেও প্রশাসন আমাদের কথা আমলে নিচ্ছে না, বরং কবরস্থান ভেঙ্গেই নির্মাণ করছে ভবন। এছাড়া নির্মাণকাজে অপরিকল্পিত পাইলিংয়ের ফলে আমাদের বাসাবাড়িতে ব্যাপক কম্পন সৃষ্টি হয়, ফেটে গেছে বাড়ির দেয়াল। ধসে পড়েছে উপজেলার সীমানা প্রাচীর। সরকারের কাছে আমাদের দাবি অধিগ্রহণের অতিরিক্ত যে জায়গায়টুকু দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে তা যেন আমাদের ফিরিয়ে দেয়। আমাদের পারিবারিক কবরস্থান যেন সুরক্ষিত থাকে’।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘কবরের জায়গায় কোন ভবন নির্মাণ করা হচ্ছে না। ভবন হচ্ছে সরকারি জায়গাতেই। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে ফের সার্ভেয়ার দিয়ে মেপে ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে কবরস্থান তাদের জায়গাতেই পড়েছে। কবরটি অনেক পুরোনো হওয়ায় ভবনের কাজ করতে গিয়ে ধসে গেছে। ঠিকাদারকে বলা হয়েছে কবরস্থান পুননির্মাণ করে দিতে এবং নির্মাণ কাজ করতে গিয়ে তাদের কোন ক্ষয়ক্ষতি হলে ঠিকাদারকে তা নিজ খরচে মেরামত করে দেওয়ার জন্য বলা হয়েছে।’
আপনার মতামত লিখুন :