
স্টাফ রিপোর্টার: চাঁদা না দেয়ায় স্থানীয় চৌধুরী তাসলিমা আক্তার (৩৬) নামে এক নারীর বাসায় হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ ওঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। হামলাকালে ভেকু (এক্সকেভেটর) দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে ওই বাসার প্রধান ফটকসহ অন্যান্য স্থাপনা। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বাড়িওয়ালাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় তাসলিমা আক্তার বাদী হয়ে গৌরীপুর পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস (৪৮)সহ তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তাসলিমা আক্তার ওই বাসার মালিক হুমায়ূন কবির নয়নের স্ত্রী।
অভিযোগ সুত্রে জানা যায়, গৌরীপুর পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস (৪৮), স্থানীয় বিএনপি কর্মী মাইনুল ইসলাম রিপন (৫০), জিন্টু দেবনাথ (৪৯)সহ আরো আনুমানিক ১৬জন অজ্ঞাত ব্যাক্তি তার বাসায় গিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে না পারায় দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
ভুক্তভোগী নারী তাসলিমা আক্তার সাংবাদিকদের বলেন- ‘ঘটনারদিন বিকেলে উল্লেখিত বিএনপি নেতা সুজিত কুমার দাস, মাইনুল ইসলাম রিপন, জিন্টু দেবনাথ এই তিনজন আমার বাসায় এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে না পারায় দেশীয় অস্ত্র নিয়ে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভেকু দিয়ে হামলা চালিয়ে বাসার পাকা গেইট, বাসার দেয়াল, জালানা ভেঙ্গে ফেলেন তারা।’ হামলার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এসময় তিন মেয়েকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে নিরাপদে থেকে প্রাণে রক্ষা পান তিনি।
এ ঘটনায় বিএনপি নেতা সুজিত কুমার দাস জানান, চাঁদার বিষয়টি মিথ্যা, আমি কোন চাঁদা চাইনি। ওরা আওয়ামী লীগ করতো। অন্যের জমি জোর পুর্বক দখল করে রেখেছিল তাই জমির মালিক এটা ভেঙ্গে দিয়ে জমি উদ্ধার করেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাযহারুল আনোয়ার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে
আপনার মতামত লিখুন :