Logo

ফুলবাড়ীয়ায় গায়েবি প্রকল্প ও ভাগবাঁটোয়ারায় লোপাট কোটি টাকা, নেপথ্যে ওরা ৩ জন 


Admin05 প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ৫:৪১ পূর্বাহ্ণ /
ফুলবাড়ীয়ায় গায়েবি প্রকল্প ও ভাগবাঁটোয়ারায় লোপাট কোটি টাকা, নেপথ্যে ওরা ৩ জন 

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গায়েবি প্রকল্প বানিয়ে  কাজ না করে প্রায় কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। সদ্য সাবেক উপজেলা নির্বাহী  কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান ও তিন ঠিকাদারী প্রতিষ্ঠান মিলে ভাগবাঁটোয়ারায় সরকারের কোটি টাকা লোপাট করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ফুলবাড়ীয়া উপজেলায়  ৮টি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মোট বরাদ্দ ছিল ৭৫ লাখ টাকা। প্রকল্পগুলো দরপত্রের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হলেও কোন প্রকল্পে কাজই হয়নি।  কিন্তু সব কটি প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র কাগজে কলমে প্রকল্প দেখিয়ে প্রায় কোটি টাকা আত্মসাত করা হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে।

এডিবির বিশেষ ৫০ লক্ষ ও জেনারেল ২৫ লক্ষ  মোট ৭৫ লক্ষ টাকা বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে ভাগবাঁটোয়ারা করা হয় । কোন প্রকার কাজ না করেই উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান ও ঠিকাদার বিশ্বজিৎ এর সাথে যোগসাজসে সরকারের পৌণে এক কোটি টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারা করে নেন সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

প্রকল্পগুলোর মধ্যে ছিল ইচাইল উচ্চ বিদ্যালয়ের সংস্কারের জন্য ১০ লক্ষ টাকা,আন্ধারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা ১০ লক্ষ টাকা,কাচিচূড়া উচ্চ বিদ্যালয় ১০ লক্ষ টাকা,সলেমন নেছা এতিমখান ও দাখিল মাদ্রাসা ১০ লক্ষ টাকা,অন্নেষণ উচ্চ বিদ্যালয় ১০ লক্ষ টাকা, উপজেলা পরিষদের রাস্তা (ঐই) করণ ১০ লক্ষ টাকা, উপজেলা শিল্পকলা একাডেমির জন্য ১০ লক্ষ টাকা, উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামত ৫ লক্ষ টাকা। প্রকল্প দেখিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বিশেষ ও জেনারেল বরাদ্দের একটি টাকাও খরচ না করে পুরো টাকা গায়েব করে দেওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তিনি প্রথম শুনলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন বিষয়টি তার জানা নেই, জেনে তদন্ত করে দেখবেন। তবে এডিবির বরাদ্দের টাকা উত্তোলন করে রাখা হয়েছে, তবে কোনো কাজ করা হয়নি।